পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ৯ মে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ। 

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৭০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছিল এমটিবি পর্ষদ। সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। ২০২০ হিসাব বছরেও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। আগের হিসাব বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা।