পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৮০১ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬৬ কোটি টাকা। সে হিসাবে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৪১ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৪ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা।

চলতি ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৬ টাকা ৩ পয়সা। 

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

আলোচ্য হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।  

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৬৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৩ পয়সায় (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছর শেষে যা ছিল ৫১ টাকায় (পুনর্মূল্যায়িত)।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯ হিসাব বছরের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ডাচ্-বাংলা ব্যাংক। ২০১৭ ও ২০১৬ হিসাব বছরে ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।