আন্তর্জাতিক পাঠচক্র উদ্বোধন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। সম্প্রতি বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে পাঠচক্রের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে ভার্চুয়ালি অংশ নেন ১৬টি দেশের অংশগ্রহণকারী।

বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের সহযোগী অংশীদার হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এ পাঠচক্রের আয়োজন করে। ছয় মাসব্যাপী এ পাঠচক্রে ১৩টি সেশন হবে। আলোচনায় থাকবে অর্থনীতি, নৈতিকতা, কল্যাণ ও সামাজিক ন্যায়বিচারের নানা বিষয়। পাঠচক্রের মূল ভিত্তি তৈরি হয়েছে অমর্ত্য সেনের সক্ষমতা পদ্ধতি ও সামাজিক চয়ন তত্ত্ব থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অমর্ত্য সেন বলেন, শুধু আয়ের উন্নতি বা সুখ মানদণ্ড হতে পারে না। প্রকৃত মানদণ্ড হলো মানুষ কতটা স্বাধীনতা ও সামর্থ্য ভোগ করছে নিজের পছন্দের জীবনযাপনের জন্য। তিনি বলেন, এমন এক পৃথিবীর দিকে এগোনো উচিত, যেখানে মানুষ সত্যিকার অর্থে বাঁচতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান। যৌথভাবে উদ্বোধন করেন এমটিবির পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তাদের উপস্থিতি শিক্ষা, জ্ঞানচর্চা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি এমটিবির প্রতিশ্রুতি তুলে ধরে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিনা আলকায়ারে। এ সময় তিনি সক্ষমতা পদ্ধতি ও ভুটানের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস নিয়ে আলোচনা করেন। আলোচক হিসেবে অংশ নেন স্বাতী নারায়ণ ও ড. সাজেদা আমিন। তারা দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে দারিদ্র্য, পরিবেশ, কল্যাণ ও অন্তর্ভুক্তি বিষয়ে মত দেন।

আলোচনায় উঠে আসে দারিদ্র্যের বহুমাত্রিক ধারণা। শুধু আয়ের ঘাটতি নয়, স্বাস্থ্য, শিক্ষা, ন্যায়বিচার, মর্যাদা ও সাংস্কৃতিক পরিচয়কেও গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করা হয়। অধ্যাপক আলকায়ারে বলেন, স্টিগলিৎস সেন ফিতুসি কমিশন, টেকসই উন্নয়ন লক্ষ্য ও ভুটানের অভ্যন্তরীণ সুখ সূচক বিশ্ব উন্নয়ন বিতর্কে নতুন দিগন্ত খুলেছে।

সমাপনী বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান বলেন, দারিদ্র্য বিমোচনকে শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। নীতি প্রণয়নে দারিদ্র্যের বহুমাত্রিক বাস্তবতাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

আয়োজনের শেষে বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী বলেন, এ পাঠচক্র শুধু একাডেমিক আলোচনা নয়, বরং তরুণ, পণ্ডিত ও নীতিনির্ধারকদের জ্ঞান বিনিময়ের একটি প্ল্যাটফর্ম।

আগামী ছয় মাসে ১৩টি সেশনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিতরা বক্তৃতা দেবেন। এর মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ড. প্রশান্ত কুমার পট্টনায়ক থাকবেন, যিনি এ পাঠচক্রের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ উদ্যোগ বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের ১৭ বছরের বৌদ্ধিক যাত্রা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শিক্ষা ও টেকসই উন্নয়নকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করছে।

—বিজ্ঞপ্তি