১৯ আগস্ট বিএসইসির কমিশন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসেন সাদাত। এছাড়া সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা অংশ নেন। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধি দলের সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, সম্ভাব্য কাঠামো ও দেশের আবাসন অর্থায়ন এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, এ ধরনের একটি প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন সুবিধা দেয়ার মাধ্যমে দেশের প্রাথমিক বন্ধকি ঋণ বা প্রাইমারি মর্টগেজ বাজারকে আরো বিস্তৃত করতে পারে। পাশাপাশি আবাসন খাতে অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরিতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডির আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। সংশ্লিষ্টদের মতে, মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়ার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ দেয়ার সক্ষমতা ও পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের পরিধি সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।










