সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (সাটা) ২০২৫ এ কক্সবাজারের হোটেল বে ওয়াচ সেরা হিসেবে দুইটি পুরস্কার অর্জন করেছে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত আয়োজনে বে ওয়াচ ‘সাউথ এশিয়ান লিডিং বিচ হোটেল’ ও ‘সাউথ এশিয়ান বেস্ট নিউ বিচ হোটেল’ ক্যাটাগরিতে পুরস্কার পায়।

এ অর্জন বাংলাদেশের জন্য আঞ্চলিক পর্যটনে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সাটা অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার পর্যটন ও হসপিটালিটি খাতের শীর্ষ ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়।

গত ২০ সেপ্টেম্বর কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাটার প্রেসিডেন্ট ইসমাইল হামিদ বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই অতিথিসেবায় বে ওয়াচ যে আন্তর্জাতিক মান অর্জন করেছে তা প্রশংসনীয়।

তিনি আরো বলেন, এ অর্জন শুধু বে ওয়াচের নয়। এটি বাংলাদেশের পর্যটনশিল্পের জন্যও গৌরবের এবং দক্ষিণ এশিয়ার হসপিটালিটি খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে।

প্রসঙ্গত, কক্সবাজারের ইনানিতে অবস্থিত বিলাসবহুল বে ওয়াচ যাত্রা শুরু করে ২০২৪ সালে। বিশ্বমানের আবাসন, খাবার, ওয়েলনেস অভিজ্ঞতা ও অতিথি সেবার গুণে মাত্র এক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি দেশী ও আন্তর্জাতিক পরিসরে বিশেষ স্থান অর্জন করেছে।

—বিজ্ঞপ্তি