শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার নারীদের রক্তস্বল্পতা হ্রাসবিষয়ক আঞ্চলিক কারিগরি পরামর্শ সভায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবুক্তাগিন রহমান। সভায় তিনি আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন।

সার্ক ও ইউনিসেফের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসের উদ্যোগে গত ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়।

‘নরিশিং সাউথ এশিয়া: রিডিউসিং অ্যানিমিয়া ইন অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড উইমেন অব সাউথ এশিয়া’ শীর্ষক এই পরামর্শ সভার আয়োজন করে সার্ক ও ইউনিসেফের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতীয় ও আঞ্চলিক বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক বিজ্ঞানী ও কর্মসূচি বিশেষজ্ঞ অংশ নেন। সভায় রক্তস্বল্পতা প্রতিরোধে নতুন গবেষণা, উদ্ভাবনী চিন্তা, কার্যকর নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

এ সময় ড. সাবুক্তাগিন রহমান ‘জ্ঞান, পরিমাপ, গবেষণা ও শেখার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক একটি কারিগরি সেশনের সঞ্চালনা করেন। তিনি তার আলোচনায় মানব জীববিজ্ঞান, পরিবেশগত প্রভাব ও বিভিন্ন কার্যক্রমভিত্তিক উদ্যোগের আন্তঃসম্পর্ক তুলে ধরেন। একই সঙ্গে তিনি রক্তস্বল্পতা নিয়ন্ত্রণে এসব উপাদানের ভূমিকা ব্যাখ্যা করেন।

এছাড়া ড. সাবুক্তাগিন রহমান বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরের রক্তস্বল্পতা নিয়ন্ত্রণ পরিকল্পনায় পথ পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে একটি বাস্তবভিত্তিক গবেষণা পরিকল্পনার প্রস্তাব দেন। এছাড়া গেটস ফাউন্ডেশনের গ্লোবাল ডেভেলপমেন্ট বিভাগের সভাপতি ড. ক্রিস্টোফার এলিয়াসের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি অংশ নেন এবং বাংলাদেশের ভূগোল ও মানব জীববৈজ্ঞানিক পরিস্থিতির জটিলতা তুলে ধরেন, যা রক্তস্বল্পতা সমস্যা আরো বাড়িয়ে তোলে।

জনস্বাস্থ্য গবেষণা ও নীতিনির্ধারণে ড. রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশে জনস্বাস্থ্য গবেষণা ও নীতিনির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

—বিজ্ঞপ্তি