আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ‘আরটিএল ডিজাইন, ভেরিফিকেশন, সিনথেসিস অ্যান্ড পিএনআর ফর ডিজিটাল ভিএলএসআই ডিজাইন’ শীর্ষক নতুন এক পেশাগত ও শিল্পমুখী কোর্স চালু করেছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কোর্সের উদ্বোধন করা হয়।

কোর্সটি আয়োজন করেছে এআইইউবি ইনস্টিটিউট অব কনটিনিউইং এডুকেশন (আইসিই) ও ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশন (ডি২এ২আই)। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার ফারাক কমানো এবং শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল ভিএলএসআই ডিজাইনে দক্ষ করে তোলা। এতে অংশগ্রহণকারীরা বিশেষায়িত জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মসংস্থানে প্রতিযোগিতামূলক সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টার ফর ভিএলএসআই অ্যান্ড এমবেডেড সিস্টেমসের (সিভিইএস) উপপরিচালক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভি কোর্সের কাঠামো, উদ্দেশ্য ও বৈশ্বিক চাহিদার প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরেন।

এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের ভিএলএসআই গবেষণা ও শিক্ষার অগ্রগতি উল্লেখ করে শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। কোর্সের সহ-প্রশিক্ষক ও অভিজ্ঞ ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার আতাউস শফি নবীন ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সটির রূপান্তরমূলক সম্ভাবনার কথা বলেন।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. এ বি এম সিদ্দিক হোসেন বলেন, বিশ্বব্যাপী ভিএলএসআই শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর ও ডি২এ২আই এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মো. আব্দুর রহমান প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠিত ডি২এ২আই মূলত এমন উদ্ভাবনমূলক প্রশিক্ষণ ও গবেষণার জন্যই কাজ করছে। তিনি উদ্বোধনী ব্যাচের ২৬ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানান ও তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

শেষে ড. শাহরিয়ার মাসুদ রিজভি উপস্থিত অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

—বিজ্ঞপ্তি