টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬ এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর এ র‍্যাংকিংয়ে এনএসইউ বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকাভুক্ত হয়েছে। একই র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় যৌথভাবে ৮০১-১০০০ ক্রমের মধ্যে অবস্থান করেছে।

২০২৬ সংস্করণের এ র‍্যাংকিংয়ে ১১৫টি দেশের ২ হাজার ১৯১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। এটি এখন পর্যন্ত টিএইচই-এর ইতিহাসে সবচেয়ে বড় মূল্যায়ন বলে উল্লেখ করা হয়েছে। এবারের তালিকায় ১৯টি বাংলাদেশী বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উচ্চশিক্ষার ক্রমোন্নয়নকে প্রতিফলিত করে।

গত বছরও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে ছিল। এবারো সে স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ঢাবি, কৃষি বিশ্ববিদ্যালয় ও কুয়েটের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে।

এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল হান্নান চৌধুরী বলেন, এ অর্জন আমাদের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও একাডেমিক উৎকর্ষের প্রতিফলন। আমরা শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞ, যাদের সহায়তা আমাদের আরো উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করে।

তিনি আরো বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গবেষণার প্রসার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও স্নাতকদের মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ।

অধ্যাপক আতিকুল হান্নান চৌধুরী ৭ থেকে ৯ অক্টোবর লন্ডনের থিয়েটার রয়্যাল শহরে অনুষ্ঠিত টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড একাডেমিক সামিট ২০২৫ এ অংশ নেন। ওই সামিটে টিএইচই র‍্যাংকিং ২০২৬ এর ফলাফল ঘোষণা করা হয়। তার উপস্থিতিতে এনএসইউ এর একাডেমিক সাফল্য ও আন্তর্জাতিক মানোন্নয়নের প্রতিশ্রুতি আরো সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।

—বিজ্ঞপ্তি