ইউক্রেন যুদ্ধকেন্দ্রিক নিষেধাজ্ঞার মাঝে ইউরোপের বাকি অংশের সঙ্গে বাণিজ্যে রুশ মুদ্রা রুবলের লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, এ অঞ্চলে বৈদেশিক বাণিজ্যে মার্চে এ মুদ্রায় লেনদেন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর আরটি।
পরিসংখ্যান অনুসারে, ইউরোপীয় দেশগুলোয় রফতানি করা রুশ পণ্য ও পরিষেবায় রুবলে নিষ্পত্তির পরিমাণ মার্চে ৫৮ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধিকে প্রতিফলিত করে। এ হিসেবে বাণিজ্যে রুবেলের অংশগ্রহণ বার্ষিক ১০ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট ও মাসিক ভিত্তিতে ৯ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের তথ্যানুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রুশ রফতানি পণ্যের ১৫ দশমিক ২ শতাংশের গন্তব্য ছিল ইউরোপ, এর আর্থিক পরিমাণ ১ হাজার ৫৪০ কোটি ডলার।
এ বিষয়ে রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমি অব ন্যাশনাল ইকোনমি অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের (আরএএনইপিএ) জ্যেষ্ঠ গবেষক আলেকসান্দ্রো ফিরানচুক বলেন, ‘ইউরোপের সঙ্গে বাণিজ্য নিষ্পত্তিতে রুবলের হিস্যা বৃদ্ধির সাধারণ প্রবণতা অব্যাহত।’
এ বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি অংশীদার বেলারুশ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শুরু থেকে দেশটির সমর্থন পেয়ে আসছে মস্কো।
আর্থিক খাতের প্রতিষ্ঠান এইচএসই ব্যাংকিং ইনস্টিটিউটের পরিচালক ভ্যাসিলি সোলোডকভের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় লেনদেনে রুবলের অংশগ্রহণ বেড়েছে। কারণ নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে ইউরো ও অন্যান্য মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তিতে সমস্যাজনক।
এখানে উল্লেখ করা যায়, নিষেধাজ্ঞা এড়াতে অনেক কোম্পানিই রাশিয়ার সঙ্গে লেনদেনের তৃতীয় পক্ষের দ্বারস্থ হয়। এছাড়া সেকেন্ডারি নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি চীনের কিছু ব্যাংক দেশটির সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন থেকে সরে এসেছে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে এশিয়া, আমেরিকা, আফ্রিকা, ক্যারিবিয়ান ও ওশেনিয়াসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে মস্কোর বাণিজ্যের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে ব্যাংক অব রাশিয়া। এতে দেখা যায়, মার্চে পণ্যের বিপরীতে রুবলে রেকর্ড অর্থ পরিশোধ করেছে আফ্রিকার দেশগুলো।
ইউক্রেন-সম্পর্কিত নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রাশিয়া। বিভিন্ন দেশে থাকা অর্থও আটকে পড়েছে। রুবলের ব্যবহারের বৃদ্ধি ডলারের বিপরীতে আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রা ব্যবহারের পরিবর্তনকে প্রতিফলিত করে বলেও জানান বিশ্লেষকরা।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে মার্কিন ডলার ও ইউরোর অংশ উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের মার্চ পর্যন্ত এসব মুদ্রায় ২৮ দশমিক ৫ শতাংশ রফতানি নিষ্পত্তি হয়েছে। অথচ যুদ্ধ শুরুর আগে প্রায় ৯০ শতাংশ লেনদেন হতো ডলার ও ইউরোয়।
ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় সম্মত হয়নি একাধিক দেশ। মস্কোর সঙ্গে বাণিজ্যে মার্চে এসব বন্ধুত্বপূর্ণ দেশের মুদ্রার হিস্যা ছিল ১৩ শতাংশ।










