পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক বাজারে তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর মহাখালী ক্যাম্পাসে ‘চাকরি পরামর্শ ও জীবনবৃত্তান্ত উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালা আয়োজন করা হয়।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে, সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে কর্মশালাটি আয়োজন করে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)।

কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের চাকরি পাওয়ার কৌশল, আধুনিক ও মানসম্পন্ন জীবনবৃত্তান্ত তৈরির ধাপ এবং কর্মজীবন উন্নয়নের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাদের মতে, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শুধু চাকরির প্রস্তুতি নয়, বরং শিল্পোন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ তৈরি করবে।

চাকরি ও জীবনবৃত্তান্ত উন্নয়ন বিষয়ে পরামর্শ দেন আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, সাসনেক্স লিমিটেডের পরিচালক আলেয়া আক্তার, স্নোটেক্স গ্রুপের মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ফাহিম মুবাশশির, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, স্ট্যান্ডার্ড গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. রেজাউল করিম, ফকির ফ্যাশন লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক ভাস্কর চন্দ্র দে, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ব্যবস্থাপক মো. ইমরান কামাল, এসআইসিআইপি-বিজিএমইএ প্রধান সমন্বয়ক মুনির চৌধুরী এবং সমন্বয়ক মো. আশফাকুর রহমান রাজিব।

কর্মশালায় প্রায় একশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

—বিজ্ঞপ্তি