প্রাকৃতিক গ্যাস খাতে স্থবিরতার প্রভাব পড়েছে জ্বালানি জায়ান্ট টোটাল এনার্জিসের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয়ে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় গত প্রান্তিকে আয় ২২ শতাংশ কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর ইউরো নিউজ।
কোম্পানিটি জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসে প্রবৃদ্ধি না হলেও জ্বালানি তেলের বাজার কিছুটা স্থিতিশীল ছিল। তবে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আগামী কয়েক মাসে আয়ে প্রভাব ফেলতে পারে।
বছরের প্রথম প্রান্তিকের নিট আয় বাজারের প্রত্যাশাকে ছাড়িয়ে ৫১০ কোটি ডলার অর্জিত হয়েছে, যা লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকদের প্রত্যাশিত ৫০০ কোটি ডলারের চেয়ে বেশি। তবে এটি ২০২৩ সালের একই সময়ের নিট আয় ৬৫০ কোটি ডলারের চেয়ে ২২ শতাংশ কম।
মার্চে শেষ হওয়া প্রান্তিকে টোটাল এনার্জিস আয় করেছে ১ হাজার ১৫০ কোটি ডলার, যা ২০২৩ সালের প্রথম প্রান্তিকের ১ হাজার ৪২০ কোটি ডলারের চেয়ে ১৯ শতাংশ কম।










