১৯৮৫ সাল থেকে দেড় ডলারে হট ডগ-সোডা কম্বো বিক্রি করে আসছে মার্কিন খুচরা পণ্য চেইন কস্টকো। মূল্যস্ফীতির কারণে এ মেনুর দাম বাড়বে- সম্প্রতি এমন গুঞ্জনের মাঝে আশ্বস্ত করল কোম্পানিটি। কস্টকো বলছে, প্যাকেজটির দাম একই থাকছে। খবর সিএনএন।

কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, সাশ্রয়ী এ প্যাকেজের দাম বাড়ানোর পরিকল্পনা করছে কস্টকো। বিষয়টি কোম্পানির নতুন প্রধান আর্থিক কর্মকর্তা গ্যারি মিলারচিপের চোখ এড়ায়নি। ক্রেতাদের আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘দেড় ডলারের হট ডগ-সোডা কম্বোর মূল্য নিয়ে চিন্তা করবেন না। মূল্যস্ফীতির প্রকোপ থেকে এটি নিরাপদ রয়েছে।’

অবশ্য দাম বাড়ার গুঞ্জনের পেছনে কিছু কারণ ছিল। সম্প্রতি আরেক মুদি চেইন ট্রেডার জো ১৯ সেন্টের কলা ও প্লানেট ফিটনেস ১০ ডলারের সদস্যপদের প্যাকেজ বাতিল করেছে। কোম্পানি দুটি দুই দশক থেকে নির্দিষ্ট দামে সেবা দিয়ে এলেও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কাছে হার মেনেছে। এ কারণে কেউ কেউ কস্টকোর দেড় ডলারের হট ডগের ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক অনুমান করেছিলেন। 

বিশ্লেষকরা বলছেন, কস্টকো যদি হট ডগ ডিলের ক্ষেত্রে মূল্যস্ফীতিকে প্রাধান্য দেয় তবে কম্বো প্যাকেজটির দাম হবে তিন গুণ অর্থাৎ ৪ ডলার ৫০ সেন্ট। কিন্তু লোকসান সত্ত্বেও কৌশলগত কারণে প্যাকেজটির দাম বহাল রাখছে। ক্রেতা হারানোর চেয়ে আপাতত অর্থ হারানোয় বেশি ইচ্ছুক কস্টকো। কেননা দেড় ডলার হট ডগ কস্টকোকে দিচ্ছে শক্তিশালী প্রচারণা। বলা যায়, এ কম্বো কস্টকো ব্র্যান্ডের সমার্থক।

কস্টকো পিৎজা ও তাদের বিস্তৃত ফুড কোর্টের অন্যান্য আইটেমের দাম বাড়িয়ে ও অন্যান্য খাতের খরচ কমিয়ে হট ডগের ক্ষতি পুষিয়ে নিচ্ছে। 

মার্কিন বাজারে চলতি গ্রীষ্মে মূল্যছাড়ের হিড়িক পড়েছে। ওয়ালমার্ট, অ্যামাজন ফ্রেশ ও টার্গেটের মতো খুচরা বিক্রেতা চেইনগুলো ক্রেতা আকর্ষণ করতে হাজার হাজার আইটেমের দাম কমিয়েছে। অন্যদিকে ৫ ডলারে সাশ্রয়ী মেনু সরবরাহের উদ্যোগ নিয়েছে ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস ও বার্গার কিং।