যশোর চেম্বার অব কমার্সকে যারা কুক্ষিগত রাখতে চায়, তারাই আবারো মামলা করে শনিবারের ভোট গ্রহণ স্থগিত করেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা। তারা জানান, মূলত ভোটারদের রায়ের প্রতি আস্থা না থাকায় বারবার এ ধরনের ঘটনার জন্ম দেয়া হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি অচল ও অভিভাবকশূন্য হয়ে পড়ছে।
গতকাল প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের প্রধান মিজানুর রহমান খান।
লিখিত বক্তব্যে বলা হয়, আট বছর ধরে যশোর চেম্বার অব কমার্সকে অকার্যকর করে রাখা হয়েছে। নির্বাচন করতে গেলেই প্রার্থীদের হয়রানি বা মামলার শিকার হতে হয়। বহু বছর পর এবারের নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ছিল। কিন্তু পরিকল্পিতভাবে ভোট গ্রহণের মাত্র দুইদিন আগে মামলা করে নির্বাচন বন্ধ করা হয়েছে। লিখিত বক্তব্যে আরো বলা হয়, ভুয়া ভোটার বাদ দিয়ে আবারো নির্বাচনের আয়োজন করতে হবে। যদি ভুয়া ভোটার থেকে থাকে তাহলে গত ৩ জানুয়ারি প্রশাসন দুই প্যানেলকে নিয়ে বসেছিল, সেখানে কেন এ তথ্য উল্লেখ করা হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা শেখ আতিকুর বাবু, মো. সাজ্জাদুর রহমান সুজা, আবদুল হামিদ চাকলাদার ঈদুল, এহসানুর রহমান লিটু, কাসেদুজ্জামান সেলিম, শাহিনুর হোসেন ঠান্ডু, মো. সায়েম সিদ্দিক প্রমুখ।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ এপ্রিল চেম্বারটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ব্যবসায়ী নেতা মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়।










