নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ন্যাশনাল পলিসি কমপিটিশন ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীতি, উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে অর্থবহ আলোচনায় যুক্ত করা। এটি তরুণ মেধাবীদের জাতীয় নীতি প্রণয়ন প্রক্রিয়ায় অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অনুষ্ঠানে ফাইনালিস্ট দলগুলো তাদের উদ্ভাবনী, গবেষণামূলক ও বাস্তবভিত্তিক নীতিপত্র উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, কোনো তথ্য-প্রমাণ উপেক্ষা করে যদি সেটিকে নিজস্ব ধারণা হিসেবে উপস্থাপন করা হয়, তবে তা ভুল তথ্য তৈরি করতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য বেনজির আহমেদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অধ্যাপক আবদুর রব খান। তিনি আয়োজনের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অভিনন্দন জানান।
গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী দল ট্রাইলেক্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রথম রানার-আপ হয়েছে ইঙ্ক অ্যান্ড ইমপ্যাক্ট ও দ্বিতীয় রানার-আপ হয়েছে দ্য লিটিগেশন উইজার্ডস। বিজয়ী দলগুলোকে তাদের অসাধারণ বিশ্লেষণী দক্ষতা ও নীতি আলোচনায় অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
—বিজ্ঞপ্তি










