ইন্দোনেশিয়ার বৃহত্তম ডিজিটাল ইকোসিস্টেম সুপারঅ্যাপ সেবাদাতা প্রতিষ্ঠান গোটু সম্প্রতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির নিট লোকসান হয়েছে ৫ কোটি ৩০ লাখ ডলার। তবে ২০২৩ সালের একই সময়ের তুলনায় লোকসান কমেছে ৭৮ শতাংশ। খবর নিক্কেই এশিয়া।

২০২৩ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৩ দশমিক ৮৬ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া নিট লোকসান করেছিল। আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের তুলনায় ২০২৪ সালের প্রথম তিন মাসে আয় ২২ শতাংশ বেড়েছে। যার পরিমাণ ৪ দশমিক শূন্য ৭ ট্রিলিয়ন রুপিয়ায় দাঁড়িয়েছে। কোম্পানিটি ২০২২ সালের এপ্রিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

গোটু ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। ২০২১ সালের মে মাসে ই-কমার্স প্লাটফর্ম টোকোপিডিয়ার সঙ্গে রাইড-হেইলিং ও ফুড ডেলিভারি ফার্ম গোজেকের একীভূতকরণের মাধ্যমে গোটু প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই মুনাফা অর্জনে বাধার সম্মুখীন হয়ে আসছে অ্যাপ কোম্পানিটি। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপ কোম্পানিটির কিছুটা অগ্রগতি হয়েছে। কোম্পানিটির বিপণন ব্যয় ও বেতন কমানোর ফলে লোকসান কিছুটা কমে এসেছে। ২০২৩ সালে গোটুর নিট লোকসান ৯০ দশমিক ৫ ট্রিলিয়ন রুপিয়ায় দাঁড়িয়েছিল, যা এর আগের বছরের দ্বিগুণেরও বেশি। টোকোপিডিয়ায় সংখ্যাগরিষ্ঠ মালিকানা অধিগ্রহণকারী চীনা শর্ট-ভিডিও অ্যাপ টিকটকের অ্যাকাউন্টিং সমন্বয়ের কারণে গোটুর বার্ষিক এ লোকসান হয়েছিল। তবে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির আয় ইতিবাচক দিকে মোড় নেয়, যা কোম্পানিটির জন্য প্রথম।

গোটু গ্রুপের সিইও প্যাট্রিক ওয়ালুজো বলেন, ‘২০২৪ সালে আমরা অবশ্যই প্রবৃদ্ধি অর্জন করে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য ভিত্তি তৈরি করব। ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি, পরিচালন ব্যয় কমানো ও টিকটকের সঙ্গে অংশীদারত্ব জোরদারের মাধ্যমে কোম্পানিটির আয় আরো বাড়বে।’