নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনএসইউয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থী–শিক্ষক ইন্টারেক্টিভ সেশন ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল ‘থিংক হেলদ, থিংক ফার্মাসিস্ট’, যা ফার্মাসিস্টদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে যেসব ভূমিকা রয়েছে সেসব তুলে ধরার লক্ষ্যে নির্ধারিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এছাড়া ছিলেন ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান, স্বাস্থ্যবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. দিপক কুমার মিত্র, সাইনোভিয়া ফার্মার সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক সৈয়দ এ বি তাহমিদ এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার। তারা উল্লেখ করেন, দক্ষ ও নৈতিক ফার্মাসিস্টরা কেবল ওষুধ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত নন। বরং স্বাস্থ্যনীতি, গবেষণা ও প্রতিরোধমূলক পরিচর্যায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আলোচনায় আরো বলা হয়, স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়ন নিশ্চিতে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। নীতি প্রণয়ন থেকে শুরু করে সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও তাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আয়োজকরা জানান, শিক্ষার্থী-শিক্ষকদের এ জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি দক্ষ, নৈতিক ও দূরদৃষ্টিসম্পন্ন ফার্মাসিস্ট তৈরিতে সচেষ্ট।
—বিজ্ঞপ্তি










