যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি বিশেষ সেমিনার আয়োজন করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’। প্রাইম ব্যাংকের ‘প্রাইমএকাডেমিয়া’ নামের একটি প্রকল্পের অংশ হিসেবে এই সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর মূল লক্ষ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, সচেতনতা বৃদ্ধি, সুপরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে ক্যারিয়ার গড়ার আগ্রহ তৈরি করা। একই সঙ্গে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মোহসীন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আর্থিক সচেতনতা ও যুবকদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

এ সময় উপাচার্য প্রাইম ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন ও ভবিষ্যতে এমন আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সেমিনারের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট। এটি শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংকের একটি বিশেষ সেবা। অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে এই অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। এর মাধ্যমে তারা ডিজিটাল ব্যাংকিংয়ের বাস্তব অভিজ্ঞতা লাভ করে।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়লা আবেদীন এবং এম এম মাহবুব হাসান। তারা তরুণদের জন্য ব্যাংকের বিভিন্ন নতুন সেবা ও উদ্যোগ নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন যবিপ্রবির স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স অফিসের পরিচালক ড. মো. রফিউল হাসান। তিনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য আর্থিক জ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সেমিনার শেষে প্রাইম ব্যাংক ও যবিপ্রবি ভবিষ্যতে একসঙ্গে গবেষণা ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করে।

প্রাইম ব্যাংকের ‘প্রাইমএকাডেমিয়া’ হলো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ ব্যাংকিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফি সংগ্রহ, বেতন দেয়া, স্কুল ব্যাংকিং ও শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড অ্যাকাউন্ট সেবাসহ সব ধরনের ব্যাংকিং সেবা এক জায়গা থেকে পাওয়া যায়।

—বিজ্ঞপ্তি