ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম সাইট ট্রুথ সোশ্যাল চালুর পর থেকেই লোকসানে রয়েছে। সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকেও সেই অবস্থা বহাল ছিল। বছরের প্রথম তিন মাসে প্লাটফর্মটি লোকসান দিয়েছে প্রায় ৩৩ কোটি ডলার। খবর দ্য গার্ডিয়ান। 

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আত্মপ্রকাশের পর এটিই প্রথম আর্থিক প্রতিবেদন। সেখানে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রান্তিকে ৩২ কোটি ৭৬ লাখ ডলার লোকসান দিয়েছে কোম্পানিটি। 

সম্প্রতি ‘‌ডিজিটাল ওয়ার্ল্ড’ নামের একটি কোম্পানির সঙ্গে একত্র হয়েছে ট্রুথ সোশ্যাল। এ কারণে শেয়ারবাজারে কোম্পানিটি নিয়ে খানিকটা আশাবাদও দেখা যায়। প্রতিবেদনে বলা হচ্ছে, গত প্রান্তিকের লোকসানের মাঝে একীভূতকরণ সম্পর্কিত ৩১ কোটি ১০ লাখ ডলারের একটি নগদ-বহির্ভূত খরচ অন্তর্ভুক্ত ছিল। 

এক বছর আগেও ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান লোকসানের তথ্য দিয়েছিল। ওই সময় এর পরিমাণ ছিল ২ লাখ ১০ হাজার ৩০০ ডলার। 

ট্রাম্প মিডিয়া জানায়, প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৭ লাখ ৭০ হাজার ৫০০ ডলার আয় করেছে, বিজ্ঞাপন থেকেই এ আয়ের বেশির ভাগ এসেছে। তবে আয়ের ক্ষেত্রেও নিম্নমুখী গতি দেখা গেছে এবার। ২০২৩ সালের একই প্রান্তিকে ট্রুথ সোশ্যাল ১১ লাখ ডলার আয় করে। 

আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ট্রুথ জানিয়েছে, সামাজিক মাধ্যমটির বিকাশ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ কারণে বছরের প্রথম প্রান্তিকে দ্রুত আয়ের বদলে তারা দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে কাজ করেছে। এমন পণ্য বিকাশে মনোনিবেশ করছে, যাতে দীর্ঘমেয়াদিভাবে লাভজনক হতে পারে ট্রুথ সোশ্যাল। 

ট্রাম্প মিডিয়া আরো জানায়, ভবিষ্যৎ ব্যবসায় অর্থায়নের জন্য কোম্পানির কাছে পর্যাপ্ত নগদ রয়েছে। মার্চের শেষ দিকে তাদের কাছে নগদ ছিল ২৭ কোটি ৪০ লাখ ডলার। 

ট্রুথ সোশ্যালের আর্থিক প্রতিবেদনের প্রভাব পড়েছে কোম্পানির শেয়ারদরে। আফটার আওয়ার ট্রেডিংয়ে ট্রাম্প মিডিয়ার শেয়ার ৩৮ সেন্ট বেড়ে ৪৮ ডলার ৭৪ সেন্টে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি মার্চে নাসডাকে লেনদেন শুরু করে এবং ওই মাসের শেষের দিকে এ প্রতিষ্ঠানের শেয়ারদর ছিল ৮০ ডলারের কাছাকাছি।