আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) বিজ্ঞাপন শিল্পে ক্যারিয়ার গড়ার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘ক্যারিয়ার ইন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: স্কিলস দ্যাট গেট ইউ হায়ার্ড’।
সেমিনারে শিক্ষার্থীদের বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেয়া হয়। ভিজ্যুয়াল কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এ এস এম মারুফ কবির মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিজ্ঞাপন শুধু ব্র্যান্ড প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ভোক্তার আচরণ, সংস্কৃতি ও মূল্যবোধকেও প্রভাবিত করে।
বক্তব্যে তিনি সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা, কৌশলগত পরিকল্পনা, সমালোচনামূলক চিন্তা ও দর্শককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মতো দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি ভোক্তা মনস্তত্ত্ব, শ্রোতা বিভাজন, এটিএল ও বিটিএল বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল প্ল্যাটফর্মের ব্যবহার এবং বিজ্ঞাপনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সম্পর্কেও দিকনির্দেশনা দেন।
সেমিনারে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, বিভাগের প্রধান রানি এলেন ভি. রামোস, এমএমসি ও অন্যান্য বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
—বিজ্ঞপ্তি










