তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত সুদ আয় বেড়েছে ২৮ দশমিক ৩৯ শতাংশ। একই প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত মুনাফাও বেড়েছে। ব্যাংকটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত সুদ আয় হয়েছে ৬১৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৭৯ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৭৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৩ কোটি টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৯ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।










