বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এতে দেশের ৩৪টি ব্যাংক এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কমিউনিটি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক হিসাবের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়াই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও সহকারী পরিচালক মো. ইমরুল হাসান, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন এবং টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব অপারেশনস অ্যান্ড ডিক্যামেলকো শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী; হেড অব ইনস্পেকশন মোহাম্মদ আব্দুল মজিদ, হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব, অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ব্যাংক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।










