নিউইয়র্কের লং আইল্যান্ডের বাড়িটি বিক্রি করে দিচ্ছেন ফিফটি ফার্স্ট ডেটস, চার্লিস অ্যাঞ্জেলসের মতো জনপ্রিয় সিনেমার অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। সম্প্রতি রিটজি সাগাপোনাক ভিলেজের ১ দশমিক ৭ একরের বাড়িটি বিক্রির জন্য তালিকাভুক্ত করেছেন ৪৯ বছর বয়সী এ সেলিব্রিটি। ২০১৯ সালে ড্রিউ ব্যারিমোর ৫৫ লাখ ডলারে আবাসনটি কেনেন। বর্তমানে মূল্য চাওয়া হচ্ছে ৮৪ লাখ ৫০ হাজার ডলার। খামারের মাঝে সাবেকি ধাঁচের মূল বাড়ি বা বার্ন হিসেবে ১৯২০ সালে ভবনটি নির্মাণ করা হয়। পরে একে ছুটি কাটানোর উপযোগী করে নতুন রূপ দেন জনপ্রিয় এ তারকা। এতে তার রুচি ও সৌন্দর্যবোধ প্রতিফলিত হয়েছে। পুরনো আসবাবের সঙ্গে যুক্ত করেছেন আয়েশি সব উপকরণ। অবশ্য নতুন করে সাজাতে গিয়ে বার্ন হাউজের ঐতিহ্যিক ধরন নষ্ট করেননি তিনি। স্থানীয় ব্রোকারেজ হাউজ সূত্রে জানা যায়, অবিকল রেখে দিয়েছেন কাঠের পুরনো বিমগুলো, মেঝে ও খোলা জায়গা। এতে রয়েছে সাদা রঙ প্রধান্য দিয়ে তৈরি রান্নাঘর। স্টেইনলেস স্টিলের অ্যাপ্লায়েন্স ও টেরাকোটার টাইলসের রান্নাঘরের পাশেই রয়েছে প্রাইভেট ডেক, যেখানে নিরিবিলিতে নাশতা করা যায়। ৬ হাজার ৮৫০ বর্গফুটের এ বাড়িতে রয়েছে সাতটি বেডরুম ও ছয়টি বাথরুম। এছাড়া রয়েছে ছড়ানো লিভিং রুম, সান ডেক, পুলসহ বিভিন্ন ধরনের আয়োজন। এখান থেকে এক মাইলেরও কম দূরত্বে রয়েছে আটলান্টিক মহাসাগরের মনোমুগ্ধকর উপকূল রেখা। খবর ও ছবি ফক্স বিজনেস