তিশক্যান আয়োজিত ‘তিশক্যান পিংক আফটারনুন: ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সুস্থতা’ অনুষ্ঠানের অংশীদার হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কের জগার্স পার্কে এ ইভেন্ট অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ আলোচনার পাশাপাশি ক্যান্সার থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এটি তিশক্যানের পিংক অক্টোবর কর্মসূচির একটি অংশ। অনুষ্ঠানে চিকিৎসক, করপোরেট প্রতিনিধি ও ওয়েলনেস কমিউনিটির সদস্যরা একত্রিত হয়ে প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরবেন। এতে সার্টিফায়েড প্রশিক্ষক জিন আয়ান একটি জুম্বা সেশন পরিচালনা করবেন।
আলোচনা পর্বে চিকিৎসক শিফাত তানজিলা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ নিয়ে পরামর্শ দেবেন। উর্মি গ্রুপের পরিচালক ও ক্যান্সার থেকে সুস্থ হওয়া শামারুখ ফখরুদ্দিন নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন। উদ্যোক্তা ও টেলিভিশন উপস্থাপিকা সামিয়া আফরিন স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।
এ অংশীদারিত্ব নিয়ে আইপিডিসি ফাইন্যান্সের প্রধান অর্থ কর্মকর্তা ফাহমিদা খান বলেন, আইপিডিসি শুধু আর্থিক প্রবৃদ্ধি নয়, একটি সচেতন ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে বিশ্বাস করে। তিশক্যানের সঙ্গে এ আয়োজন মানুষকে বিশেষ করে নারীদের আত্মবিশ্বাসী জীবনের জন্য অনুপ্রাণিত করবে।
তিশক্যানের প্রতিষ্ঠাতা নুজহাত তারান্নুম বলেন, ভ্রান্ত ধারণা দূর করা, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা উৎসাহিত করা এবং সহমর্মিতার ভিত্তিতে সমাজ গঠনই পিংক আফটারনুন আয়োজনের উদ্দেশ্য। এই উদ্যোগে পাশে থাকার জন্য আইপিডিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চিকিৎসক শিফাত তানজিলা বলেন, ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসাযোগ্য। এ ধরনের আয়োজন নারীদের লক্ষণ চিনতে, দ্রুত ব্যবস্থা নিতে ও নিজের স্বাস্থ্যের প্রতি অগ্রাধিকার দিতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে জুম্বা সেশনে অংশ নিতে ১ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই ফি ও অনুদান সরাসরি তিশক্যানের সচেতনতা ও সহায়তা কর্মসূচিতে ব্যয় করা হবে। অংশগ্রহণকারীদের গোলাপি রঙের পোশাক ও হালকা শারীরিক কার্যকলাপের জন্য আরামদায়ক পোশাক পরিধানে উৎসাহিত করা হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স ও তিশক্যান জানায়, এই অংশীদারিত্বের লক্ষ্য হলো জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করে সমাজে স্থায়ী প্রভাব তৈরি করা। তাদের প্রত্যাশা, কেউ যেন একা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই না করে।
—বিজ্ঞপ্তি










