যশোর অঞ্চলে পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা হয়েছে। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে লংকাবাংলা সিকিউরিটিজের যশোর ডিজিটাল বুথ এ সভার আয়োজন করে।
বলা হয়েছে, উদ্ভাবনীয় ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সামগ্রিক পুঁজিবাজারকে সফলতার সাথে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এর ধারাবাহিকতায় পুঁজিবাজার সংক্রান্ত নানা দিক নিয়ে উন্মুক্ত আলোচনার লক্ষ্যে আর্থিক সাক্ষরতা কর্মূসূচি আয়োজন করে যশোর ডিজিটাল বুথ।
আলোচনায় উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা, সাউথজোনের এরিয়া হেড মোহাম্মদ মাহমুদ ইলাহি, মানব সম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র ম্যানেজার তৌহিদুর নুর, যশোর ডিজিটাল বুথের ম্যানেজার আহসান হাবিব সোহাগ, সানজিদা রহমানসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও যশোরের ব্যবসায়ীরা।
লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের পথচলার ২৫ বছরের মধ্যে ১৬ বার প্রথম ব্রোকারেজ প্রতিষ্ঠান হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ। শেয়ারবাজারে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিষেবা চালু করেছি আমরা। যাতে ঘরে বসেই গ্রাহকরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। একমাত্র শেয়ারবাজারে প্রয়োজন হলে টাকা নগদ করা যায়। এখানে জীবনবীমাও আমরা চালু করেছি। ভবিষ্যতে দেশজুড়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের উন্নতির জন্য লংকাবাংলা সিকিউরিটিজ বদ্ধপরিকর।










