লন্ডনভিত্তিক স্টক ব্রোকার ও করপোরেট উপদেষ্টা নিউমিসের যুক্তরাষ্ট্র এবং ইউরোপ শাখার কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটির মূল সংস্থা ডয়চে ব্যাংক। জার্মানিভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংকটি ২০২৩ সালে নিউমিসকে অধিগ্রহণ করেছিল। সম্প্রতি নিউমিসের সম্পদমূল্য কমানোর পরিপ্রেক্ষিতে দেশ দুটিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর ইউরোনিউজ।

গত বছরের এপ্রিলে ডয়চে ব্যাংক ৪১ কোটি ইউরো ব্যয়ে নিউমিসকে অধিগ্রহণ করে। এরপর প্রতিষ্ঠানটির নাম দেয়া হয় ডয়চে নিউমিস। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউমিসের সম্পদমূল্য প্রায় ২৩ কোটি ৩০ লাখ ইউরো কমিয়ে আনে ব্যাংকটি। যুক্তরাষ্ট্রের নিউমিস সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করে দেয়ার পেছনে একে সবচেয়ে বড় কারণ বলে মনে করা হচ্ছে।

কার্যক্রম বন্ধের পর নিউমিসের ১২ কর্মীকে ডয়চে ব্যাংকের নিউইয়র্ক কার্যালয়ে স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা যোগ দেবেন ব্যাংকটির লন্ডন কার্যালয়ে। অন্যদিকে, বাকি কর্মীদের ব্যাংকের অন্যান্য কার্যক্রমে যুক্ত করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রমও বন্ধের ঘোষণা দিয়েছে ডয়চে ব্যাংক। তবে আয়ারল্যান্ডে ব্যাংকটির কার্যক্রম অব্যাহত থাকবে ।

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধের বিষয়ে ডয়চে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘দেশটিতে নিউমিসের ইকুইটি ডিস্ট্রিবিউশন, গবেষণা ও পুঁজিবাজারসংক্রান্ত কার্যক্রম আছে। নিউমিস থেকে স্থানান্তর হওয়া কর্মীদের সঙ্গে মিলে আমরা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আরো ভালো পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সম্প্রতি রাশিয়ার একটি আদালত দেশটিতে থাকা ডয়চে ব্যাংকের সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব জব্দ করে। আয়ারল্যান্ডের কোম্পানি লিন্ডের সঙ্গে মিলে একটি গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের অভিযোগ তোলা হয় ব্যাংকটির বিরুদ্ধে। ফলে রাশিয়ায় খারাপ সময় পার করছে ডয়চে ব্যাংক। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের নিজেদের কার্যক্রম আরো বিস্তৃতি করতে পারে তারা। সেখানে প্রায় ১৭০টি করপোরেট ব্রোকারিং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্যাংকটি। ডয়চে নিউমিস সেখানে করপোরেট ব্রোকারিং, অ্যাডভাইজরি ও ইকুইটি ক্যাপিটাল মার্কেট পরিষেবা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউমিসকে অধিগ্রহণ বিষয়ে ডয়চে ব্যাংকের ফ্যাবরিজিও ক্যাম্পেলি বলেন, ‘‌ডয়চে ব্যাংক ও নিউমিসের অধিগ্রহণ একটি ক্রটিহীন অংশীদারত্ব। আমরা উভয় প্রতিষ্ঠানের কর্মীদের নতুন ব্র্যান্ড ডয়চে নিউমিসের আওতায় নিয়ে আসতে চাই। এর মাধ্যমে আমরা যুক্তরাজ্যসহ ইউরোপের বাজারে বিস্তৃতি বাড়াতে পারব।’

ডয়চে নিউমিসের কো-সিইও অ্যালেক্স হ্যাম এক বিবৃতিতে বলেন, ‘‌যুক্তরাজ্যের বিনিয়োগ ব্যাংক খাতে ডয়চে নিউমিস এখন বড় শক্তি। উচ্চাকাঙ্ক্ষী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের উদ্ভাবনী অর্থনৈতিক পরামর্শ ও সমাধানই আমাদের লক্ষ্য।’