বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় এক বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম তৈরি পোশাক রফতানি প্রতিষ্ঠান এমবিএম গ্রুপ। ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ সিএসআর কর্মসূচির আওতায় এক মাসব্যাপী এমবিএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কাটিং এজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। উদ্যোগের সমাপনী দিনে বিশেষ আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন করে প্রতিষ্ঠানটি।

প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়। উদ্যোগের আওতায় কাটিং এজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রায় ৪ হাজার ৯১০ জন শ্রমিকের চোখ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৮৯৬ জনের দৃষ্টি সংশোধনী চশমার প্রয়োজন দেখা যায়। এর মধ্যে ১ হাজার ৫৭৩ জন জীবনে প্রথমবারের মতো চশমা ব্যবহার শুরু করেন।

তারা জানান, তাদের কাছে এটি যেন নতুনভাবে পৃথিবী দেখার অভিজ্ঞতা। চোখের সমস্যা নিরসনে কর্মীদের উৎপাদনশীলতা যেমন বেড়েছে, তেমনি সামগ্রিক সুস্থতাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন।

দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চোখ পরীক্ষার এ কার্যক্রমের প্রভাব নিয়ে একটি জরিপ উপস্থাপন করা হয়। জরিপে দেখা গেছে, চশমা পাওয়া শ্রমিকদের মাথাব্যথা ও চোখের জ্বালাপোড়া কমেছে, দৃষ্টিশক্তি পরিষ্কার হয়েছে এবং কাজে মনোযোগ বেড়েছে। কয়েকজন শ্রমিক তাদের অভিজ্ঞতা শেয়ার করে জানান, এ উদ্যোগ তাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনে নতুন আত্মবিশ্বাস ও আশার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক, এমবিএম গ্রুপ ও ভিশনস্প্রিং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন ও চোখের যত্নে সচেতন হতে উৎসাহ দেন। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ট্রেজারি, এফআই ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন ইকবাল, রিজিওনাল করপোরেট এরিয়া হেড-২ এস এম মুসাসহ অন্যান্য কর্মকর্তারা।

এমবিএম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহরোজ জলিল, ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ, সিইআইএল) সাগর কুমার পোদ্দার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (কমপ্লায়েন্স) জান্নাতুল ফেরদৌস ইভা। ভিশনস্প্রিং এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মেহজাবিনসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে ভিশনস্প্রিং এমবিএম গ্রুপকে ‘ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস’ সনদ প্রদান করে। এ স্বীকৃতি কারখানার প্রতিটি শ্রমিকের দৃষ্টি পরীক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় চশমা সরবরাহের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানানো হয়।

গত বছর থেকে এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং যৌথভাবে ব্যাংকটির তৈরি পোশাক শিল্পের করপোরেট গ্রাহক প্রতিষ্ঠানের প্রায় ৬০ হাজার শ্রমিকের চোখ পরীক্ষা সম্পন্ন করেছে। ব্র্যাক ব্যাংক জানায়, একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে তারা সামাজিক দায়বদ্ধতার উদ্যোগগুলো এমনভাবে সাজায়, যাতে সমাজের প্রতিবন্ধকতা ও আর্থিক সীমাবদ্ধতা দূর করে প্রতিটি মানুষ নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারেন এবং অর্থবহ জীবনযাপনের সুযোগ পান।

—বিজ্ঞপ্তি