পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। এজন্য কুপন পেমেন্ট ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বন্ডটির ট্রাস্টি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল।
চলতি বছরের ১ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটির লেনদেন শুরু হয়। বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিট সংখ্যা ৬৮ হাজার ৫০। গত এক বছরে বন্ডটির ইউনিটদর ৪ হাজার ৬৫০ থেকে ৫ হাজার টাকা ছিল।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংক এশিয়ার সমন্বিত ইপিএস হয়েছে ৬৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৫ পয়সায়। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটির পর্ষদ।










