বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তি উদযাপন করেছে স্যার জন উইলসন স্কুল। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সাতারকুলের ইউনাইটেড সিটিতে অবস্থিত স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজিত হয়। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীরা নাচ-গান ও প্রদর্শনীর মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেয়।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত স্যার জন উইলসন স্কুল তিন দশক ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। শৃঙ্খলা, সৃজনশীলতা ও দৃষ্টিনন্দন পরিবেশের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার জায়গা হয়ে উঠেছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ। তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের নিবিড় আস্থাই আমাদের শক্তি। দক্ষ শিক্ষক, সহকর্মী ও সংশ্লিষ্ট সবার পরিশ্রম ছাড়া এ দীর্ঘ যাত্রা সম্ভব হতো না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রেমান ও ইউনাইটেড গ্রুপের শিক্ষা বিভাগের প্রধান অর্থ কর্মকর্তা মো. বদরুল আহসান।
বক্তব্য শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা। রঙিন পোশাকে গান ও নাচের তালে তালে আনন্দ ছড়িয়ে পড়ে মিলনায়তনে। একই সঙ্গে স্কুল ক্যাম্পাসে বিজ্ঞান, রোবোটিকস, প্রযুক্তি, চিত্রকলা ও শিল্পকলার প্রদর্শনীও আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের কাজ উপস্থাপন করে।
উল্লেখ্য, তিন দশক ধরে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করছে স্যার জন উইলসন স্কুল। বর্তমানে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে সফলতার সঙ্গে কাজ করে নিজেদের মেধার পরিচয় দিচ্ছে।
—বিজ্ঞপ্তি










