ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে শুরু হয়েছে ঢাকা-চায়না ডে-২০২৫ চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
মঙ্গলবার সকালে চীনের বহুল আলোচিত চলচ্চিত্র দ্য ট্রুথ ১ প্রদর্শনের মাধ্যমে এ উৎসব উদ্বোধন করা হয়। এতে চীনের সমসাময়িক সমাজের নানা দিক ফুটে ওঠে। ছবিটির পরিচালক ঝোউ ওয়েনউবেই ভার্চুয়ালি যুক্ত হয়ে চলচ্চিত্রটির অনুপ্রেরণা ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।
দুপুরে প্রদর্শিত হয় বাংলাদেশের চলচ্চিত্র 'উৎসব'। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা প্রদর্শনীতে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। ছবিটি নিয়ে উপস্থিত দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন পরিচালক তানিম নূর, অভিনেতা জাহিদ হাসান, অভিনেত্রী সাদিয়া আয়মান ও অপি করিম।
মতবিনিময়ে জাহিদ হাসান বলেন, জীবনে সরলতার মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায়। তিনি দর্শকদের এ অভিজ্ঞতা পরিবারের সঙ্গে ভাগাভাগির আহ্বান জানান।
অপি করিম বলেন, ছবিটি পরিবারকে ঘিরে তৈরি, তাই সবার সঙ্গে দেখা উচিত।
পরিচালক তানিম নূর জানান, ছবিটি পশ্চিমা সাহিত্য এ ক্রিসমাস ক্যারোল থেকে অনুপ্রাণিত হলেও বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী ঈদের প্রেক্ষাপটে রূপান্তর করা হয়েছে।
প্রদর্শনীর পর প্রশ্নোত্তর পর্বে দর্শক ও শিক্ষার্থীরা চলচ্চিত্রটির বিষয়বস্তু, নির্মাণ প্রক্রিয়া ও সাংস্কৃতিক দিক নিয়ে মতামত দেন। আলোচনা হয় বাংলাদেশের চলচ্চিত্রের বিবর্তন, জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে জোরদার করতে গল্প বলার গুরুত্ব নিয়ে।
উৎসবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতি অনুরাগীরা অংশ নেন। আয়োজকরা জানান, এ আয়োজন দুই দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে সংলাপের নতুন সুযোগ তৈরি করবে। এছাড়া ভবিষ্যতে সিনেমা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ে যৌথ উদ্যোগকে উৎসাহিত করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ উৎসবকে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি ‘উৎসব’ চলচ্চিত্রের কলাকুশলীদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক সম্পর্ক আরো এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
চলচ্চিত্র উৎসবটি নর্থ সাউথ ইউনিভার্সিটি, কনফুসিয়াস ইনস্টিটিউট, সিএসসিএসএস, এসআইপিজি ও বাংলাদেশে চীনের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। এতে আগামী দিনগুলোতে আরো কয়েকটি চলচ্চিত্র ও আলোচনা সভা থাকবে, যা দুই দেশের ঐতিহ্যবাহী ও আধুনিক চলচ্চিত্র দর্শকদের সামনে উপস্থাপন করবে।
—বিজ্ঞপ্তি










