টাইটানিকের সবচেয়ে ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টরের ব্যবহৃত স্বর্ণের তৈরি একটি ঘড়ি নিলামে উঠেছে। আইসবার্গের আঘাতে ঐতিহাসিক এ জাহাজডুবিতে জ্যাকব মারা গেলেও তার গর্ভবতী স্ত্রী ম্যাডেলিন বেঁচে যান। ইংল্যান্ডের উইল্টশায়ারে হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সনের নিলামে ঘড়িটি ছাড়াও রয়েছে ব্যান্ড প্রধানের বিখ্যাত বেহালার ভ্যালিস ও একটি পকেটবুকসহ অন্যান্য সামগ্রী। বেহালাটি ২০১৩ সালে একই নিলাম ঘরে ১৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল এবং এটি টাইটানিক থেকে উদ্ধারপ্রাপ্ত আইটেমগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্য পেয়েছে। নিলাম ঘরের পক্ষ থেকে জানানো হয়, জ্যাকবের ঘড়িটি দেড় লাখ থেকে ১ লাখ ৮৮ হাজার ডলার ও ভ্যালিস সোয়া লাখ থেকে দেড় লাখ ডলারে বিক্রি হতে পারে। টাইটানিক ডুবে যাওয়ার পর অ্যাস্টরের দেহাবশেষের সঙ্গে তার ব্যক্তিগত কিছু সামগ্রী সংগ্রহ করা হয়। এতে ঘড়ি ছাড়াও ছিল স্বর্ণের কাফলিংক, হীরার আংটি, অর্থ ও পকেটবুকসহ অন্যান্য জিনিসপত্র। উদ্ধারকৃত সম্পদগুলোর মালিক হন জ্যাকবের ছেলে ভিনসেন্ট অ্যাস্টর। এর মধ্যে ঘড়িটিকে পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনেন তিনি। ১৯৩৫ সালে জ্যাকব অ্যাস্টরের সচিব উইলিয়াম ডবিনের শিশুপুত্রের নামকরণ অনুষ্ঠানে উপহার হিসেবে ঘড়িটি দিয়েছিলেন ভিনসেন্ট। ডবিন পরিবার ১৯৯০-এর দশকের শেষ দিকে ঘড়িটি নিলামে তোলেন। যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক সংগ্রাহক নিলামে ঘড়িটি কেনেন, পরে এটি বেশ কয়েকটি জাদুঘরে প্রদর্শিত হয়েছিল। খবর সিএনএন ও ছবি হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন