মূল্যস্ফীতি নিয়ে নাকাল পরিস্থিতিতে ক্রয়ক্ষমতা কমে আসছে মার্কিন ভোক্তাদের। এ কারণে কেনাকাটা কমাতে বাধ্য হচ্ছেন তারা। এর প্রভাব পড়তে শুরু করেছে বড় বড় চেইন শপে। দেশটিতে অনেক স্টোর বন্ধ হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এ ক্রান্তিকাল মোকাবেলায় নতুন পদক্ষেপ নিচ্ছে অতিপরিচিত রিটেইল চেইনশপ ওয়ালমার্ট। মুদি পণ্য নিয়ে ওয়ালমার্ট বেটারগুডস নামের নতুন ব্র্যান্ড আসছে, যেখানে বেশির ভাগ পণ্যের মূল্য ৫ ডলারের নিচে। ওয়ালমার্ট ইউএসের প্রাইভেট ব্র্যান্ড, খাদ্য ও ভোগ্যপণ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্কট মরিস জানান, নতুন এ স্টোরে মূলত রান্নার উপকরণ, স্বাস্থ্যকর খাদ্য অন্তর্ভুক্ত থাকবে। স্টোরগুলো এমনভাবে সাজানো হবে যাতে সব ধরনের গ্রাহক এখান থেকে পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গ্রোসারি চেইন ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটির মোট আয়ের ৬০ শতাংশই মুদি পণ্য থেকে আসে। জানুয়ারিতে শেষ হওয়া সর্বশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রজুড়ে ওয়ালমার্টের মুদি খাতে নিট বিক্রি প্রায় ৭ শতাংশ বেড়ে ২৬ হাজার ৪২০ কোটি ডলার হয়েছে।–অবশ্য কম দামে পণ্য সরবরাহ থেকে দূরে নেই প্রতিদ্বন্দ্বী রিটেইল ব্র্যান্ডগুলো। জাতীয় স্তরের কিছু ব্র্যান্ড কভিড-১৯-এর সময় এ ধরনের উদ্যোগ নেয়। বর্তমান মূল্যস্ফীতিতে সে প্রবণতা আরো বেড়েছে। খবর ও ছবি সিএনবিসি