ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। তিনি বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনে শিক্ষকদের মুখ্য ভূমিকা রাখতে হবে। এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা তাদের শিক্ষা ও পেশাগত দক্ষতা আরো বাড়াতে পারবেন। তিনি জানান, আউটকাম বেইসড এডুকেশনের (ওবিই) আলোকে পাঠ্যক্রম প্রণয়নে বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিয়ে কাজ করছে।
'ওয়ার্কশপ অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর টিচার' শীর্ষক এ আয়োজনে আইএসইউর সব শিক্ষক অংশগ্রহণ করেন। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসইউর ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ মাহমুদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুমও উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










