বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ৭ মে পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ৩৭৮ কোটি ৭ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৩১৪ কোটি ২৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়েছে ২০ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬২২ কোটি ৬৮ লাখ টাকা, যেখানে গত বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬১৩ কোটি ৬ লাখ টাকা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।










