১ কোটি ২০ লাখ বর্গফুট আয়তনের দুবাই মল বিশ্বের সবচেয়ে বড় শপিং মল হিসেবে পরিচিত। সম্প্রতি এ স্থাপনার আয়তন বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রিয়েল এস্টেট ডেভেলপার এমার প্রপার্টিজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রসারণ বাবদ খরচ হবে ৪০ কোটি ৮০ লাখ ডলার। এর আওতায় স্থাপনাটিতে খাবারের নতুন দোকানসহ যুক্ত হচ্ছে ২৪০টি বিলাসপণ্যের দোকান। রেকর্ড স্থাপনকারী দুবাই ফাউন্টেন ও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এ শপিং সেন্টারের পাশেই অবস্থিত। এ শপিং স্পেসে রয়েছে বিশ্বের বৃহত্তম মল অ্যাকোয়ারিয়াম ও ডিজিটাল আর্ট মিউজিয়াম। যেখানে রয়েছে ১৫ কোটি ৫০ লাখ বছর আগে বিচরণকারী ডাইনোসরের সম্পূর্ণ কঙ্কাল, একটি অলিম্পিক আকারের আইস রিংক ও ২৬ স্ক্রিনের সিনেমা হল। এ সম্প্রসারণকে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্যে বড় ধরনের সংযোজন বলে উল্লেখ করেছেন এমার প্রপার্টিজের প্রতিষ্ঠাতা মোহামেদ আলাব্বর। গত বছর দুবাই রেকর্ড ১০ কোটি ৫০ লাখ পর্যটক পেয়েছে, যা ২০২২ সালে তুলনায় ১৯ শতাংশ বেশি। আশা করা হচ্ছে, নতুন বিনিয়োগের মাধ্যমে ইউএইর সবচেয়ে আকর্ষণীয় শহরটিতে পর্যটন অর্থনীতি আরো বড় হবে। মূল্যস্ফীতির কারণে বিশ্বের প্রধান শহরগুলোয় খুচরা খাতে ভোক্তা ব্যয় কমলেও গত বছর ইউএইতে বেড়েছে ১৪ শতাংশ। এর মধ্যে ফ্যাশন খাতে বার্ষিক ৩১ শতাংশ, সাধারণ খুচরা পণ্যে ১৬ এবং অবসর ও বিনোদন খাতে ব্যয় বেড়েছে ১৫ শতাংশ পর্যন্ত। ১৯৯৬ সাল থেকে একাধিক উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম শপিং ডেস্টিনেশন হিসেবে দুবাইকে সাজাচ্ছে দেশটির সরকার। এর আওতায় ২০০৮ সালে চালু হয় দুবাই মল। এছাড়া অঞ্চলটি জুড়ে তৈরি হয়েছে কয়েক ডজন শপিং সেন্টার। তবে দুবাই মলের সম্প্রসারণ কবে শুরু হবে তা জানায়নি এমার প্রপার্টিজ। খবর ও ছবি সিএনএন
বিশ্বের সবচেয়ে বড় শপিং মলের আয়তন আরো বাড়ছে
১ কোটি ২০ লাখ বর্গফুট আয়তনের দুবাই মল বিশ্বের সবচেয়ে বড় শপিং মল হিসেবে পরিচিত।










