পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংকের পর্ষদ। এরই মধ্যে ব্যাংকটির স্টক লভ্যাংশে অনুমোদন দিয়েছে বিএসইসি। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আইএফআইসি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা এবং সমন্বিত এনভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮২ পয়সায়।
২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইএফআইসি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ শেয়ার। এছাড়া সরকারের কাছে ৩২ দশমিক ৭৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৬৫ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ৩৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার।
গতকাল ডিএসইতে আইএফআইসি ব্যাংকের শেয়ার সর্বশেষ ৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে্। গত এক বছরে ব্যাংকটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা থেকে ১৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।










