রেইস পরিচালিত ১১টি ফান্ড নির্ধারিত সীমা অনুসারে বিনিয়োগ করতে না পারায় এ জরিমানা করা হয়েছে। গত মাসে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুসারে, ২০২২ সালের জুনের মধ্যে মিউচুয়াল ফান্ডের ন্যূনতম ৩ শতাংশ অর্থ তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করার বাধ্যবাধ্যকতা ছিল। পরবর্তী সময়ে এ নির্দেশনার মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। যদিও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রেইসের ১১টি মিউচুয়াল ফান্ডের তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ ৩ শতাংশের কম ছিল।
তাছাড়া বিএসইসির আরেক নির্দেশনা অনুসারে, ২০২৩ সালের জুনের মধ্যে মিউচুয়াল ফান্ডের ন্যূনতম ১ শতাংশ অর্থ তালিকাভুক্ত ট্রেজারি বন্ডে বিনিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল। যদিও ২০২৫ সালের জুন পর্যন্ত রেইসের ফান্ডগুলো ট্রেজারি বন্ডে কোনো বিনিয়োগ করেনি।
আইনি সীমা অনুসারে বিনিয়োগ না করার বিষয়টি অবহিত করে তা পরিপালনের জন্য বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিএলসি পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলোর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পক্ষ থেকে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে অবহিত করা হলেও তা অনুসরণ করা হয়নি।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে, বিনিয়োগে ব্যর্থতার কারণে আইনি লঙ্ঘনের বিষয়ে বিএসইসির শুনানিতে উপস্থিত হয়ে বেশকিছু ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসইসির তদন্ত, লেনদেনে বিধিনিষেধ, ব্যাংক হিসাব জব্দ ও ফ্লোর প্রাইস আরোপের মতো বিষয়গুলোর কারণে বিনিয়োগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রেইস।
তবে বাংলাদেশ রেইস ম্যানেজমেন্টের দেয়া বক্তব্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত না হওয়ার কারণে বিএসইসির পক্ষ থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও রেইস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ডের প্রত্যেকটির বিপরীতে ৫ লাখ টাকা করে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।










