এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’র আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে ২৫ জন নতুন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

গতকাল রাজধানীর এনআরবিসি ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন সেন্টারে (এইচআরটিডিসি) এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ এবং যুগ্ম পরিচালক ও উপপ্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী। এছাড়া এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং এসএমই-বিজনেস, মাইক্রো ও এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, ‘সরকারের লক্ষ্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর এ লক্ষ্য বাস্তবায়নেই বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে।’

সভাপতির বক্তব্যে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘মাসব্যাপী এ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল ও উদ্ভাবনী উদ্যোগ পরিচালনার ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবেন, যা তাদের টেকসই ব্যবসায়ী হিসেবে গড়ে তুলবে।’

স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক যৌথভাবে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে।