নির্ধারিত রেকর্ড ডেট শেষে ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে আজ। এর আগে গত রবি ও সোমবার কেবল স্পট মার্কেটে শেয়ার লেনদেন হয়েছিল কোম্পানি দুটির। গতকাল রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানি দুটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ফিনিক্স ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৪ জুলাই বেলা ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২ পয়সা।

রূপালী ইন্স্যুরেন্স: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় অনুমোদন নিতে ৩১ জুলাই এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৭ পয়সা।