ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটার এলাকায় মেলার উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, চেম্বার অব কমার্সের সহসভাপতি কাজী জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, মো. বাবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্প ও বাণিজ্যের বিকাশে এ ধরনের মেলার ভূমিকা বেশ তাত্পর্যপূর্ণ। তবে মেলায় দেশীয় পণ্যের সমাহার বাড়ানো গেলে এসবের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। এতে দেশের শিল্প ও অর্থনীতি সমৃদ্ধ হবে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।










