যশোর অঞ্চলে পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের একটি হোটেলে লংকাবাংলা সিকিউরিটিজের যশোর ডিজিটাল বুথ এ সভার আয়োজন করে। লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা, সাউথ জোনের এরিয়া হেড মোহাম্মদ মাহমুদ ইলাহি, মানব সম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র ম্যানেজার তৌহিদুর নুর, যশোর ডিজিটাল বুথের ম্যানেজার আহসান হাবিব সোহাগ ও সানজিদা রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফাত রেজা বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের পথচলার ২৫ বছরের মধ্যে ১৬ বার প্রথম ব্রোকারেজ প্রতিষ্ঠান হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ। শেয়ারবাজারে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিষেবা চালু করেছি আমরা। যাতে ঘরে বসেই গ্রাহকরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। একমাত্র শেয়ারবাজারে প্রয়োজন হলে টাকা নগদ করা যায়। এখানে জীবনবীমাও আমরা চালু করেছি। দেশজুড়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের উন্নতির জন্য লংকাবাংলা সিকিউরিটিজ বদ্ধপরিকর।










