ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস ও দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকস। এক সমঝোতার মাধ্যমে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) শেভ্রোলেট বোল্টের মালিকরা ১৫ কোটি ডলার পাচ্ছেন। সম্প্রতি মার্কিন আদালতের নথি সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

২০১৫ সালে শেভ্রোলেট বোল্ট বাজারে ছাড়ে জেনারেল মোটরস। এ সিরিজের গাড়িতে এলজি ইলেকট্রনিকসের তৈরি ব্যাটারি ব্যবহার করেছিল কোম্পানিটি। বেশকিছু গাড়িতে আগুন ধরার অভিযোগ আসায় ২০২০ সালে গাড়িটি প্রত্যাহার শুরু করে জিএম কর্তৃপক্ষ।

ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জিএম কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, জিএম, এলজি এনার্জি সলিউশন ও এলজি ইলেকট্রনিকস বোল্ট ইভি ব্যাটারি প্রত্যাহার সম্পর্কিত ক্লাস অ্যাকশন মামলার সমাধানের জন্য বাদীদের সঙ্গে নিষ্পত্তিতে যেতে সম্মত হয়েছে।