সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ আগস্ট শুক্রবার তার প্রয়াণ ঘটে। তার মৃত্যুতে সাউথইস্ট ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

আজিম উদ্দিন আহমেদ ১৯৪০ সালের ৩০ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন ও পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্যবসা-বাণিজ্যের জগতে তিনি ছিলেন একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি মিউচুয়াল গ্রুপ ও এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও সাবেক চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অনেক অবদান রয়েছে তার। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন ও সদ্য সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনেরও একজন প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন।

সমাজসেবার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রণী। নিজ জেলা ফেনীতে তিনি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উদারভাবে সহযোগিতা করেছেন।

আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে সাউথইস্ট ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করেছে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। তার অবদান ব্যাংকিং, শিক্ষাখাত ও সমাজে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।

—বিজ্ঞপ্তি