এর মধ্যে রয়েছে সুপারম্যান থিমের একটি রোলার কোস্টার ও ভিলেন লেক্স লুথারকে ঘিরে তৈরি একটি রাইড। খবর দ্য ন্যাশনাল।

থিম পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আকর্ষণ দুটি ইয়াস আইল্যান্ডের ওয়ার্নার ব্রস ওয়ার্ল্ডের ‘মেট্রোপলিস’ এলাকায় নির্মাণ করা হচ্ছে। অঞ্চলটি মূলত সুপারম্যান, ব্যাটম্যান ও ডিসি কমিকসের অন্যান্য জনপ্রিয় চরিত্রকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে।

নতুন রাইডগুলোর মধ্যে ‘ক্রিপ্টোনাইট কলাইডার’ আগামী ২৬ জুলাই দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হবে। অন্যদিকে ‘সুপারম্যান আপ অ্যান্ড অ্যাওয়ে’ নামের রোলার কোস্টারটি ২০২৮ সালে চালু হওয়ার কথা রয়েছে।

ক্রিপ্টোনাইট কলাইডার রাইডে দর্শনার্থীরা একটি কাল্পনিক বৈজ্ঞানিক পরীক্ষার অংশ হিসেবে অংশ নেবেন। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে সুপারম্যানের শত্রু লেক্স লুথার। ৩২ জন ধারণক্ষমতার ঘূর্ণায়মান রাইডে বিশেষ শব্দ, আলোকসজ্জা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে।

অন্যদিকে সুপারম্যান আপ অ্যান্ড অ্যাওয়ে রোলার কোস্টারকে ‘পরবর্তী প্রজন্মের উড়ন্ত রোলার কোস্টার’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে দর্শনার্থী উপুড় হয়ে বসে সুপারম্যানের সঙ্গে আকাশে ওড়ার অভিজ্ঞতা পাবে।

ইয়াস আইল্যান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান মিরালের প্রধান পোর্টফোলিও কর্মকর্তা জনাথন ব্রাউন বলেন, ‘‌নতুন আকর্ষণগুলো দর্শনার্থীর জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে ইয়াস আইল্যান্ডকে বৈশ্বিক বিনোদন গন্তব্য হিসেবে আরো শক্তিশালী করবে। এতে আবুধাবির পর্যটন খাতও উপকৃত হবে।’

ওয়ার্নার ব্রস ডিসকভারির গ্লোবাল এক্সপেরিয়েন্সেস ও স্টুডিও অপারেশনের প্রেসিডেন্ট সাইমন রবিনসন বলেন, ‘‌নতুন রাইডগুলো মেট্রোপলিস এলাকার আকর্ষণ আরো বাড়াবে। বর্তমানে সেখানে গ্রিন ল্যান্টার্নভিত্তিক একটি জনপ্রিয় সিমুলেটর ও ব্যাটম্যান সিরিজের কয়েকটি রাইড রয়েছে।’

২০১৮ সালে চালু হওয়া ওয়ার্নার ব্রস ওয়ার্ল্ড আবুধাবি ইয়াস আইল্যান্ডের অন্যতম বড় বিনোদন কেন্দ্র। এখানে ডিসি কমিকস ছাড়াও লুনি টিউনস, স্কুবি-ডু ও দ্য ফ্লিন্টস্টোনসের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিভিন্ন থিম জোন রয়েছে।

নতুন রাইড দুটি পার্কটির সম্প্রসারণ পরিকল্পনার অংশ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ‘উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার’ থিমভিত্তিক একটি নতুন এলাকা তৈরির কাজও চলছে। ফলে আগামী কয়েক বছর ওয়ার্নার ব্রস ওয়ার্ল্ড আবুধাবির আকর্ষণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।