জার্মানির কোলন শহরে শুরু হওয়া বিশ্বের বৃহৎ খাদ্যপণ্য ও পানীয় মেলা ‘আনুগা ২০২৫’ এ অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ খাদ্যপণ্য উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রাণ। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রফতানি বাড়ানোর লক্ষ্যেই এ মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৪ অক্টোবর) শুরু হওয়া এ মেলা চলবে আগামী পাঁচ দিন। এতে শতাধিক দেশ থেকে প্রায় ৮ হাজার কোম্পানি অংশ নিয়েছে। প্রায় ২০০টি দেশ থেকে ১ লাখ ৪০ হাজারের বেশি ব্যবসায়ী প্রতিনিধি নতুন পণ্য ও উদ্ভাবন দেখতে এবং বাজার খুঁজতে এখানে এসেছেন।
এ বছর প্রাণের স্টলে বিস্কুট, কনফেকশনারি, জুস, পানীয় ও কালিনারি পণ্যসহ পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে নতুন স্বাদের বিস্কুট, নুডলস ও কনফেকশনারি পণ্য বিশেষভাবে দর্শনার্থীদের আকর্ষণ করছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক মো. কামরুজ্জামান কামাল বলেন, প্রাণের পণ্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য। এজন্য আনুগা মেলা বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ইউরোপের বিভিন্ন খ্যাতনামা চেইনশপে প্রাণের পণ্যের সংখ্যা বাড়ানোও অন্যতম উদ্দেশ্য।
তিনি আরো জানান, এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা নতুন উদ্ভাবন প্রদর্শন করেন। সেখান থেকে ভবিষ্যৎ ব্যবসার প্রবণতা ও বৈশ্বিক খাদ্যপণ্যের বাজার সম্পর্কে ধারণা পাওয়া যায়। একই সঙ্গে নতুন ক্রেতাদের কাছে পণ্য উপস্থাপনের সুযোগ হয়, যা বাংলাদেশের রফতানি বাড়াতে বড় ভূমিকা রাখে।
বর্তমানে প্রাণ গ্রুপের পণ্য বিশ্বের ১৪৮টি দেশে রফতানি হচ্ছে। রফতানি বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি টানা ২১ বার সেরা রফতানিকারকের পুরস্কার পেয়েছে।
—বিজ্ঞপ্তি










