আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক তার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সম্প্রতি রাজধানীর ফর্টিস ডাউনটাউনে দিনব্যাপী এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে শতাধিক কর্মচারী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
২০০১ সালে যাত্রা শুরু করা আনোয়ার ল্যান্ডমার্ক আবাসন খাতে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য নিরাপদ, টেকসই ও মানসম্পন্ন আবাসন তৈরি করে চলেছে। আন্তর্জাতিক মান বজায় রেখে বর্তমানে এটি আইএসও ৯০০১:২০০৮ সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানটি সকালে অতিথিদের বরণ করে নেয়ার মাধ্যমে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর হোসেন আক্তারসহ আনোয়ার ল্যান্ডমার্কের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।
ব্যবস্থাপনা পর্ষদের বক্তারা বলেন, আনোয়ার ল্যান্ডমার্ক শুধু আবাসনই নির্মাণ করে না, মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। তারা জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরো প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে, যাতে কম খরচে আধুনিক ও টেকসই ফ্ল্যাট মানুষের কাছে পৌঁছে দেয়া যায়।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। একজন কর্মী আবেগাপ্লুত হয়ে বলেন, এখানে কাজ করা শুধু চাকরি নয়, এটি একটি পরিবারের অংশ হয়ে ওঠা।
জমকালো মধ্যাহ্নভোজের পর বিকেলে জনপ্রিয় শিল্পী তানজীব সারোয়ার ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন। দিনশেষে আয়োজকরা বলেন, এ উদযাপন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং তাদের পাশে থাকা প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এ সময় তারা আবাসন খাতে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
—বিজ্ঞপ্তি










