নির্ধারিত রেকর্ড ডেটের আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি বীমা কোম্পানি আগামীকাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানি দুটি হলো পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ইন্স্যুরেন্স। আগামীকাল ও সোমবার কোম্পানি দুটির শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পূরবী জেনারেল: সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাবে একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা। 

২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা। 

২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৬ পয়সায়।