যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিলাসী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লুসিড গ্রুপ, যা কোম্পানিটির মোট কর্মশক্তির প্রায় ৬ শতাংশ। লুসিডের পক্ষ থেকে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানিটি বলছে, বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) মন্থর চাহিদার কারণে ব্যয় সংকোচন করতে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে তারা।

বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও বর্ধিত সুদহারের কারণে ব্যয়বহুল ইভির পরিবর্তে তুলনামূলক সস্তা ও হাইব্রিড বিকল্পগুলোর দিকে ঝুঁকছেন গ্রাহক। ফলে খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অটোমেকাররা।

লুসিডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার রলিনসন কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় বলেন, ‘আসন্ন ছাঁটাই প্রক্রিয়া কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মীদের প্রভাবিত করবে। এর মধ্যে নেতৃত্বস্থানীয় থেকে শুরু করে মধ্যস্তরের ব্যবস্থাপনাসহ সব পর্যায়ের কর্মীরা থাকবে। 

তবে এটি কোম্পানির ঘণ্টাভিত্তিক উৎপাদন ও লজিস্টিক কর্মীদের ওপর কোনো প্রভাব ফেলবে না।’

লুসিডের সর্বশেষ বার্ষিক হিসাব অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী কোম্পানিটির পূর্ণকালীন কর্মী ছিল প্রায় ৬ হাজার ৫০০ জন। 

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের দিকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়েছে লুসিড কর্তৃপক্ষ। কোম্পানিটির প্রত্যাশা, ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করতে ২ কোটি ১০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে।

এদিকে মার্কিন ইভি নির্মাতা রিভিয়ান চলতি বছর দুই দফা কর্মী ছাঁটাই করেছে। সর্বশেষ গত মাসে মোট কর্মশক্তির ১ শতাংশ কমিয়েছে কোম্পানিটি। এছাড়া ইলোন মাস্কের মালিকানাধীন ইভি জায়ান্ট টেসলাও গত মাসে বলেছিল, তারা বৈশ্বিক কর্মশক্তির ১০ শতাংশের বেশি ছাঁটাই করবে।

চলতি মাসের শুরুতে উচ্চ বার্ষিক মূলধন ব্যয়ের পূর্বাভাস দিয়েছে লুসিড। কারণ কোম্পানিটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এছাড়া সৌদি আরবে একটি নতুন কারখানা তৈরি করছে।

কোম্পানিটি জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অর্থায়নে নির্মিত কারখানাটি ২০২৬ সালের শেষের দিকে উৎপাদনে যাবে। সেখানে আরো সাশ্রয়ী মূল্যের মাঝারি আকারের গাড়ি নির্মাণ করা হবে। এছাড়া চলতি বছরে গ্র্যাভিটি এসইউভি উৎপাদন শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে।