তালিকাভুক্ত বহুজাতিক বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৬ জুনের পরিবর্তে আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত কোম্পানিটির এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২৪ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটি এজিএম করবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট অপরিবর্তিত রয়েছে। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ৩৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরে ৪৩৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৩১ পয়সা। এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২৯ টাকা ৯৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৭ টাকা ৯৩ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৬ জুলাই ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৬ মে। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাটা সুর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাটা সুর ইপিএস হয়েছে ২৯ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫২ টাকা ১৬ পয়সায়।