নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে প্রশিক্ষণ কর্মসূচি ‘আমরাই তারা’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন চট্টগ্রামের ৩০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা।
সম্প্রতি ব্র্যাক লার্নিং সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি ও পণ্যের বাজার সম্প্রসারণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পান। পাশাপাশি তারা নেটওয়ার্ক তৈরি ও ব্যবসায়িক পরামর্শ পাওয়ার সুযোগও পান, যা ভবিষ্যতে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান ও ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের স্মল বিজনেস টেরিটরি ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, নারী উদ্যোক্তারা দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। একজন নারী উদ্যোক্তা সফল হলে তার পরিবার, সমাজ ও দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। ‘আমরাই তারা’ কর্মসূচির মাধ্যমে ব্র্যাক ব্যাংক তাদের প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস ও সুবিধা দিয়ে সক্ষম করে তুলছে, যাতে তারা টেকসইভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।
‘আমরাই তারা’ হলো নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য হলো নারী নেতৃত্বাধীন ব্যবসায়ের জন্য একটি টেকসই পরিবেশ তৈরি করা, যেখানে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক ২০টি জেলায় তিন হাজারেরও বেশি নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। ব্যাংকটির পরিকল্পনা রয়েছে ‘আমরাই তারা’ কর্মসূচি ভবিষ্যতে দেশের সব জেলায় সম্প্রসারণ করার, যাতে আরো বেশি নারী উদ্যোক্তা এ সুযোগের আওতায় আসতে পারেন।
—বিজ্ঞপ্তি










