দেশের প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ তাদের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। ১৯৮৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার (১১ অক্টোবর) দীর্ঘ ৪০ বছরের অগ্রযাত্রার স্মারক হিসেবে ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠান আয়োজিত হয়। ‘সমৃদ্ধির পথে এক সাথে’— এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৪০ বছর পূর্তি উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।

এ সময় উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীরা।

ইফাদের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরো শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে দীর্ঘদিনের সহযোদ্ধাদের ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া কর্মীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কার দেয়া হয়।

ইফাদ গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্যাক্টরি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠান যেমন অশোক লেল্যান্ড, রয়েল এনফিল্ড, অ্যাপোলো টায়ার্স, গালফ অয়েল ও উইংস গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ৪০ বছরের মাইলফলকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠান।

উৎসবের সমাপ্তি হয় বিশেষ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে। দেশের প্রখ্যাত ক্লাসিকাল নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তার দলের নৃত্য প্রদর্শন, সংগীতশিল্পী ইমরান ও কনার গান এবং গ্রুপের সদস্যদের গান, কুইজ ও পডকাস্ট প্রদর্শন অনুষ্ঠানটি সৃজনশীলতায় সমৃদ্ধ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

—বিজ্ঞপ্তি